রাঙামাটিতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ


রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ৭ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক দিকে এ ঘটনা ঘটে বলে শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির শরীরে রক্ত দেখতে পেয়ে তার স্বজনরা দ্রুত তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত মুন্না ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানা গেছে।
এদিকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক (আরএমও) চিকিৎসক ডা: শওকত আকবর খান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম শিশুটি তার মায়ের উপস্থিতিতে নিজের জবানবন্দিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আটটার সময় শিশুটি তার বাসার সামনে খেলাধূলার করার সময় তারই চাচাতো ভাই মুন্না তাকে জোর করে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এসময় তাকে পাশবিক নির্যাতন করে। পরবর্তীতে ভিকটিম মেয়েটি তার নিজ ঘরে গেলে তার রক্তক্ষরণ হতে দেখে তার বড় বোন তাকে জিজ্ঞাসা করলে ঘটনাটি তাকে জানায়। সাথে সাথে শিশুটিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।
রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। কিন্তু শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছি।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।

















