রামুর জোয়ারিয়ানালা বাজারে কমান্ডো ষ্টাইলে ৯ টি দোকানে ডাকাতি
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী জোয়ারিয়ানালা বাজারে কমান্ডো ষ্টাইলে ৯ টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাতদল পিকআপযোগে এসে এসব দোকানের তালা ভেঙ্গে পাঁচ লাখ টাকাসহ মালামাল লুট করেছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া দুইটায় এ দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত কবলিত ব্যবসায়িরা জানিয়েছেন, কক্সবাজারমুখি একটি পিকআপযোগে প্রায় ২০ জন অস্ত্রধারি ডাকাত বাজারে নেমে নৈশ প্রহরী ছগির আহমদসহ কয়েকজনকে বেঁধে মারধর করে গণলুটপাট শুরু করে। প্রায় ২৫ মিনিটে ডাকাতরা ৯ টি দোকানে লুটপাট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে রামু অভিমুখে চলে যায়।
ডাকাতদল শফিকুর রহমানের অমি পোল্টি ফিড থেকে দুই লাখ টাকা, এরশাদ উল্লাহর মালিকানাধিন হামিদ ষ্টোর থেকে ১ লাখ ৩০ হাজার টাকা, দিলীপ মহাজনের দোকান থেকে ৩০ হাজার টাকা, ছৈয়দ মিয়ার রড-সিমেন্ট এর দোকান থেকে ৮ হাজার টাকাসহ প্রত্যেক দোকান থেকে নগদ টাকা এবং মালামাল লুট করেছে। তবে মালামাল এর চেয়ে টাকা লুট হয়েছে বেশী। এ ঘটনায় আহত নৈশ প্রহরী ছগির আহমদ (৪৮) কে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
বৃহষ্পতিবার দুপুরে রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও রামু থানার অফিসার ইনচার্জ ডাকাতিস্থল পরিদর্শন করেন। এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ওসিকে এ ডাকাতির ঘটনায় মামলা দায়ের এবং জড়িত ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেন।
ডাকাত কবলিত ব্যবসায়িরা অভিযোগ করেছেন, ডাকাতি চলাকালে এবং ডাকাতির পরে পুলিশের অবহেলা ছিলো। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালালে ডাকাতিতে ব্যবহৃত পিকআপটি আটক করা সম্ভব হতো।



















