আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ

fec-image

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হন রোহিঙ্গা জেলে মো. আয়ুব (২৮)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪ এর ব্লক-৪ এর বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ওপারে নাফনদীর রাখাইনের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তবে তিনি আজ শনিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ছোটবিল বিজিবি পোস্টের কাছে ফিরে আসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার (৬ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট মো. আইয়ুব (২৮) নামের ওই রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫ কিলোমিটার মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মির সদস্যদের গুলিতে তিনি আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন