ইরানের নিশানায় উড়ন্ত রাডার ধ্বংস, মার্কিন সামরিক সক্ষমতায় বড় ধাক্কা

fec-image

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা প্রদানকারী গোয়েন্দা বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, গত শুক্রবার রিয়াদের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি সামরিক স্থাপনায় এই হামলা ঘটে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত বিমানটি ছিল ই-থ্রি সেন্ট্রি মডেলের বিশেষায়িত নজরদারি উড়োজাহাজ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের ওপর সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আঘাত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, এ ধরনের কৌশলগত বিমানকে লক্ষ্যবস্তু করায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হুমকি শনাক্তকরণ এবং আকাশ অভিযানের সমন্বয় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ই-থ্রি সেন্ট্রি বিমানটি মূলত একটি ‘ফ্লাইং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করে। এর পিঠে স্থাপিত বৃহৎ রাডার ব্যবস্থার মাধ্যমে এটি আকাশ ও সমুদ্রপৃষ্ঠে প্রায় ৩৬০ কিলোমিটার বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। যেকোনো আবহাওয়ায় যুদ্ধবিমান পরিচালনা এবং আকাশযুদ্ধের সমন্বয় করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামোর নিরাপত্তা এবং ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান, রাডার ধংস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন