চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহিত উদ্দিন সাগর (৩৩) ও ওসমান (১৭) নামে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নিকটআত্মীয় ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহ্বায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের পুত্র মুহিত উদ্দিন সাগর (৩৩), একই এলাকার মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ ওসমান (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বাজারে একটি তিনতলা ভবনের প্লাস্টারের কাজ করছিল ৩ জন নির্মাণশ্রমিক। ওই ভবনের পাশে হাই ভোল্টের বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণশ্রমিকেরা ভবনের প্লাস্টারের কাজ করছিল। দুপুর ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান নিচে পড়ে যান। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে থানা পুলিশ তাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

















