চিড়িয়াখানা থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক


রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফাহিম চৌধুরী চিড়িয়াখানার সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে। তাদের অভিযোগ, তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা তাকে আটক করেন।
আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। শিক্ষার্থীরা জানান, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানা এলাকায় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে ফাহিমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

















