টেকনাফে বিজিবির অভিযানে জাল টাকাসহ আটক ২

fec-image

আসন্ন পবিত্র ঈদ উল আযহা ও কোরবানির হাটকে লক্ষ্য করে বিপুল পরিমাণ জাল টাকার নোট তৈরি ও সরবরাহের একটি বড় চক্রের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ মে) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ লেদা বিওপি’র জাদিমুরা বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে জাল টাকা তৈরির কারখানা থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৫১ লক্ষ ৩৪ হাজার ১ শত টাকার জাল নোট এবং নোট প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণের বিপুল সরঞ্জাম।

বিজিবি সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন জানতে পারে যে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের কোনো একটি স্থানে আসন্ন ঈদকে সামনে রেখে এবং রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জাল টাকা প্রস্তুত করা হচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে বিজিবি ওই এলাকায় গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিগত সার্ভেল্যান্স বৃদ্ধি করে চক্রটিকে শনাক্ত করে।

পরিকল্পনা অনুযায়ী, রবিবার সকাল ৯টার দিকে বিজিবি’র একটি বিশেষ গোয়েন্দা দল জাদিমুরা বাজার ও মুচনী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ২টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি অটোরিকশাযোগে উক্ত কারখানায় আসতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে হ্নীলার দিকে রওনা দিলে বিজিবি মুচনী বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দমদমিয়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির চৌকস দলটি তাদের ধাওয়া করে আটক করে।

আটককৃত ব্যক্তিদের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে বিজিবি তাদের জাল টাকা তৈরির গোপন কারখানার অবস্থান নিশ্চিত করে এবং সেখানে অভিযান চালায়। কারখানাটি থেকে ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কম্পিউটার, ২টি কালার প্রিন্টার, ৫১ লক্ষ ৩৪ হাজার ১ শত টাকার জাল নোট, জাল নোট তৈরির কাঁচামাল, জাল টাকা কাটার মেশিন এবং সরবরাহের কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন জাদিমুরা ২৬ নম্বর এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পের ডি/৩ ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে আজিজুর আহম্মদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নোয়াগাঁও গ্রামের আলা উদ্দীনের ছেলে নাজমুল (২৭)।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, বিজিবি’র আভিযানিক দলের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের এই অপতৎপরতা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন