দোছড়িতে লক্ষাধিক টাকার সৃজিত গাছ কেটে লুটপাটের অভিযোগ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাকখালী মৌজার ১নং ওয়ার্ডের মামা-ভাগিনার ঝিরি নামক এলাকায় দীর্ঘ বছরের সৃজিত ১৫০টিরও অধিক মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় জমির মালিক মনজুর হোসেন সবুজ বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় গত ২ জুলাই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মো. রুবেল (৩২) ও মো. রাসেল (৩৫), উভয়ের পিতা নুরুল হাকিম। তারা দোছড়ি ইউনিয়নের বাকখালী মৌজার মামা-ভাগিনার ঝিরি এলাকার বাসিন্দা। বিবাদীগণ বিগত ৩০ বছর আগের সৃজিত প্রায় ১৫০টি সেগুন গাছ কেটে ফেলে পাচারের জন্য মজুদ করে রেখেছে। যার মূল্য আট থেকে নয় লক্ষ টাকা হবে বলে বাদী অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বাদীর নিজস্ব বাগান থেকে বাঁশ কাটতে গেলে অভিযুক্তরা তার নিকট চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে বাধ্য করে। তাছাড়া, বিবাদীরা প্রায়ই অস্ত্রের ভয় দেখিয়ে গাছপালা কেটে ফেলে। এছাড়া বাদীর কয়েক একর জমি অন্যত্র বিক্রি করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে বাদী মনজুর হোসেন সবুজ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে এই প্রতিবেদককে জানান।
এ বিষয়ে বিবাদীদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

















