নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে ৩ যুবক আটক


১ হাজার ৬শ’ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি, ১টি মিনি পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। তাদেরকে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের চা বাগান রাস্তার মাথা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে একটি মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রমকালে থামার সংকেত দিলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।
সুত্র আরো জানায়, ঘটনার দিন কতিপয় ব্যক্তি মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহের উদ্দেশ্যে ভারী আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তের দিকে অগ্রসর যাচ্ছে খবর আসে রামু থানার ওসির কাছে।
এ সংবাদের ভিত্তিতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে এসআই মোহাম্মদ আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় হোটেল আল মদিনার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যং ছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির কম্বুনিয়া এলাকার নুরুল আলমের পুত্র মো. শাহজাহান (২৫), একই উপজেলা ও ইউপির আশার তলী এলাকার বদিউজ্জামান’র পুত্র মো. ইলিয়াছ (১৯) এবং শেষের জন উপজেলা ও ইউপির ঘিলাতলী এলাকার এম এ সামাদ এর পুত্র আতিকুর রহমান(২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায় যে, বর্ণিত আসামীগণ বাউন্ডলি (ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস) মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান আর্মির জন্য মিনি ট্রাক যোগে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেন।

















