পলক-টুকু-জয়সহ ৬ জন ফের রিমান্ডে


সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে হাজির করা হয়।
আলাদা দুটি হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৩ দিন করে ৬ দিনের রিমান্ডের আদেশ দেয়া হয়েছে।
এ ছাড়া লালবাগ থানার মামলায় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদাবর থানার মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে ৭ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। এদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
কাল সাড়ে ৬টার দিকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ পুনরায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ নিয়ে সবার তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট পৃথক দুটি হত্যা মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

















