বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর ২টায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের অফিসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন মীর আরশাদুল হক।
এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে দলের প্রাথমিক সদস্য হন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির জোটে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নয় বলে তিনি ফেসবুকের এক পোস্টে এনসিপির সঙ্গে সব ধরণের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে বিএনপির প্রতি সমর্থন জানান।
মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

















