মাটিরাঙ্গায় জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার জিয়নগর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে মনির হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, মনির হোসেন তার বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার ঘর থেকে একটি ড্রামে সংরক্ষিত ২০০ লিটার অকটেন জব্দ করা হয়।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি দোকানের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী হাজারী এন্টারপ্রাইজের অভিযুক্ত মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, জরিমানার পাশাপাশি জব্দকৃত জ্বালানি তেল নির্ধারিত বাজারমূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

















