মিয়ানমারের ছোড়া গুলিতে টেকনাফে ফের দুই কিশোর গুলিবিদ্ধ

fec-image

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশী কিশোরী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)।

আহতদের পরিবার জানিয়েছে, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে কিশোরদের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।’

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় দুজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবি নিবিড়ভাবে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন