আলীকদমে টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে জনজীবন বিপর্যস্ত

fec-image

বান্দরবানে আলীকদমে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় আজ সোমবার দুপুর থেকে লামা-আলীকদম সড়কের তিনটি স্থান ডুবে গেছে। ফলে সকাল থেকে লামার সঙ্গে আলীকদমের এবং আলীকদমের সঙ্গে লামা ও চকরিয়ার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি এখনো অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি আরও বাড়তে পারে বলে জানান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রোববার থেকে আলীকদম ও লামা উপজেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদীতে পানি বেড়ে যায়। এতে আজ দুপুরে আলীকদম-লামা সড়কের সিলেরতুয়া ও শীবাতলী এলাকা, রেপারপাড়া বাজার, কাঁকড়া ঝিরি, দপ্রু ঝিরি এলাকা ডুবে যায়। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় লোকজন সেখানে নৌকায় পারাপার হয়ে যাতায়াত করছেন।

আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকার ইউপি সদস্য মো. বাদশা মেম্বার জানিয়েছেন, রেপারপাড়া, সিলেরতুয়া ও শীবাতলীর নিচু এলাকায় শুধু সড়ক ডুবে যায়নি, দরিদ্র মানুষের ঘরবাড়িও তলিয়ে গেছে। প্রায় ৫০টি পরিবার আশ্রয়কেন্দ্রে ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বৃষ্টি না কমায় আরও অনেক বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, দুপুর থেকে আলীকদম-লামা সড়ক প্লাবিত হওয়ার তথ্য জানতে পেরেছি। ফলে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের ওপর দিয়ে লোকজন নৌকায় করে চলাচল করছে। টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বেড়ে নিচু এলাকা ডোবার আশঙ্কায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম ও ১৫টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান, বৃষ্টিপাত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন