চকরিয়ায়

ইজিবাইক চালক খুনের ঘটনায় আটক ২

fec-image

কক্সবাজারের চকরিয়ায় টমটম (ইজিবাইক) গাড়ি ছিনতাই করে চালক কিশোর মুজিবুর রহমান হত্যার ঘটনায় পরিকল্পনাকারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কোনাখালী ও পুর্ববড় ভেওলা এলাকায় খুনের ঘটনায় জড়িত মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে গতকাল আটক করে।বদরখালী নৌপুলিশের এসআই সুফল সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সকাল থেকে বিভিন্ন জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, আটকের পর মেহেদী স্বীকারোক্তি দিয়েছে সে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। টমটম গাড়ি ও ব্যাটারী ছিনতাই করার জন্য ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে কৌশলে যাত্রীবেশে গাড়িতে উঠে গাড়িসহ চালক মুজিবকে ঘটনাস্থলে নিয়ে সংঘবদ্ধ চোর চক্রের হাতে তুলে দেয়।

এলাকাবাসী আরো জানান, চোর চক্রের সদস্যরা রাতে তাদের আস্থানায় গাড়িটি রেখে ব্যাটারীগুলো খুলে নেয়। ওইসময় চোর চক্রের সদস্যদের চিনে ফেলেছে বললে সবাই মিলে শারীরিক নির্যাতন করে চালক মুজিবকে শ্বাসরোধে হত্যা করে হাত-পা বেঁধে মাতামুহুরী নদীতে ফেলে দিয়ে চলে যায় চোর চক্রের সদস্যরা।

বদরখালী নৌপুলিশের ওসি নাজিম উদ্দীন বলেন, টমটম চালক মুজিবুর রহমান খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাপর খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত টমটম চালক মুজিবুর রহমান চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের পরিবার সদস্যরা জানান, টমটম চালক মুজিবুর রহমান সোমবার (৩ মার্চ) সকালে টমটম গাড়িটি নিয়ে বের হয়। কিন্তু এদিন রাত ১১টার দিকে তার মোবাইল ফোনে পাওয়া গেলেও রাত ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় চালক মুজিবুরের সন্ধানে সোমবার রাত থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। এক পর্যায়ে পরদিন মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সীমান্তবর্তী মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ভাসমান অবস্থায় মুজিবুর রহমানের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বদরখালী নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বদরখালী নৌপুলিশের এসআই সুফল সিংহ বলেন, আটককৃত জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় জড়িত বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন