ঈদগাঁও ৪ সন্তানের জননীর লাশ উদ্ধার


কক্সবাজারের ঈদগাঁওয়ে ঈদের দিন রাতে হুমাইরা বেগম (৪৮) নামের চার সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হুমাইরা উপজেলার পোকখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যম পোকখালী উত্তর পাড়ার আবুল কাশেমের প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী ও দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য ছালাহ উদ্দিন জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি জানতে পারেন হুমাইরাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বসতঘরের রুম থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে মৃত ঘোষণা করলে লাশ ঘরে নিয়ে আসা হয়।পরে তিনি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে স্বামী ও দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন। তিনি আরো জানান,এ ঘটনায় নিহতের সন্তানরা আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও তাকে জানিয়েছেন।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুই সতীন ও স্বামীর পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে হত্যা,না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট পেলেই প্রকৃত রহস্য জানা যাবে।
প্রসঙ্গত নিহত প্রথম স্ত্রীর সংসারে চার সন্তান রয়েছে।যার মধ্যে কন্যা ও দুই সন্তানের বিয়ে হয়েছে।এ অবস্থায় বৃদ্ধ স্বামী আবুল কাশেম কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক কলহ শুরু হয়।এর জেরে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

















