ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন এবং বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য তৈরির অপরাধে আইন লঙ্ঘন করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন।
অভিযানকালে চকোরী ড্রিংকিং ওয়াটার, ধানসিঁড়ি ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার ও এনআরসি ফিলিং স্টেশনকে ৩টি মামালার বিপরীতে ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩০ডিভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিনের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিনের কাছে অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ও জেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘন ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য তৈরি করার অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় ৩ প্রতিষ্ঠানকে ১লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূলত ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করার দায়ে এ অর্থদন্ড করা হয়েছে।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন।
অভিযানের সময় বিএসটিআই কক্সবাজার পরিদর্শক রনজিত কুমার মল্লিক, চকরিয়া থানার পুলিশ টিম ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















