কুতুবদিয়ায় জীবিত ব্যক্তির কুলখানি !


কক্সবাজারের কুতুবদিয়ায় মহা ধুমধাম করে জীবিত ব্যক্তির কুলখানির আয়োজন করলেন ইউপি চেয়ারম্যান।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হালিম সিকদার এই কুলখানির আয়োজন করেন।
জানা যায়, স্থানীয় ফুদার পাড়ার ৭ নম্বর ওয়ার্ডের শতবর্ষী মুরুব্বি জহিরুল্লাহ উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যানের কাছে ওসিয়ত করেন, তাঁর মৃত্যুর পর যেন তিনি কুলখানি দেন।
কুলখানিতে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, থানার ওসি মাহবুবুল আলম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিএনপির নেতা-কর্মীসহ ৭ হাজার এলাকাবাসী অংশ নেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার জানান, এলাকার মুরুব্বি জহিরুল্লাহ ওসিয়ত করেছিলেন তাঁর কুলখানি দিতে। এই মুরুব্বির ওসিয়ত ও সম্মান রক্ষার্থে তিনি জীবিত থাকতেই আয়োজন করেছেন, যাতে তিনি নিজের কুলখানি দেখে যেতে পারেন।
বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জীবিত ব্যক্তির কুলখানি দেওয়া যায় কিনা—
ধুরুং ছমদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু মুছা বলেন, জীবিত বা মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট তারিখে কুলখানি করা একটি নতুন প্রচলন। তাছাড়া জীবিত ব্যক্তির নামে মৃত্যুর পরের অনুষ্ঠান করা অযৌক্তিক ও শরীয়তপরিপন্থী।

















