কুতুবদিয়ায় সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর উপকূলে ফিশিংবোট থেকে পড়ে নিখোঁজ জেলে শাহজাহানের মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) দক্ষিণ ধুরুং বাতিঘরের পশ্চিমপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা স্বাস্থ্যকর্মী আবুল হাসাত বলেন, সোমবার ভোরে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে বাতিঘরের পশ্চিমে সৈকতে মরদেহ ভেসে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় মরদেহটি সাগরে নিখোঁজ শাহজাহানের বলে নিশ্চিত করেন তার স্বজনরা।
গত শনিবার সকাল ১১টার দিকে আলী আকবর ডেইল ঘাটকুল পাড়ার মো. হোছাইনের ছেলে শাহজাহান স্থানীয় কাজির পাড়ার পশ্চিমে সাগরে স্রোতের ধাক্কায় অন্য বোটে উঠতে গিয়ে পড়ে নিখোঁজ হয়েছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবীর বলেন, সকালে সাগরে নিখোঁজ জেলে শাহজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

















