টেকনাফে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফের হৃীলা লেদা এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হৃীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যা পাড়া নামক এলাকার একটি লবণের মাঠে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান, টেকনাফ হৃীলা ইউনিয়নের লেদা লবণের মাঠে মাটির নিচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীরা জানান, মরদেহের পরনে কালো রঙের প্যান্ট এবং শার্ট পরিহিত আছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহটি মাটির নিচে চাপা দেয় দুর্বৃত্তরা। তদন্তপূর্বক হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

















