চকরিয়ায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত বিশেষ ক্ষমতা আইনের সাজাপ্রাপ্ত আসামি হলেন- চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কোণাখালী এলাকার মোস্তাক আহমদের ছেলে মো.এস্তাফিজুর রহমান (৪২)। অন্য মামলায় গ্রেফতার হয়েছেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমণি লাল ব্রীজস্থ বাইস্যা পাড়ার আবুল কাসেমের ছেলে হুমায়ুন কবির (৪৫), কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে আবদুল মান্নান (৩১) ও হারবাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার নুর হোসেনের ছেলে এহেছানুল কবির (২৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে চকরিয়া থানার এসআই আনোয়ার হোসেন, এসআই ফরহাদ রাব্বি ইশান, এএসআই সোলায়মান খান, মহিব উল্লাহ ও দেব মজুমদারের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্তাফিজুর রহমান সহ বিভিন্ন মামলার চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত এসব আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

















