চকরিয়ায় দুর্ঘটনায় সেনাবাহিনীর ২ সদস্য নিহত, আহত ২
কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ সেনা ডিভিশনের ৬৫ ব্রিগ্রেডের আওতাধীন ৩৬ বীরের একটি জীপ গাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে গাড়িতে থাকা দুই সেনা সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার রাত ৮টার দিকে উপজেলার কক্সাবাজার-চট্টগ্রাম মহাড়কে খুটাখালী সেলিম ফিউচার পার্ক এলাকার সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর দুই জুনিয়র সেনা কর্মকর্তা।
নিহত দুই সেনা সদস্য হলেন- শফিকুল ইসলাম ও নাইমউদ্দীন। শফিকুলের বাড়ি ময়মনসিংহে আর নাইমউদ্দীনের বাড়ি খুলনা। আহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুল ইসলাম ও গাড়ীর ড্রাইভার ল্যান্স কর্পোরাল সাজ্জাদ হোসেনকে গুরুতর অবস্থায় মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জীপগাড়িকে লকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের রামু সেনা ক্যাম্পে যাওয়ার পথে সেনাবাহিনীর ওই জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খুটাখালী সেলিম ফিউচার পার্ক এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
তিনি জানান, এ সময় ঘটনাস্থলেই দুই সেনা সদস্য নিহত হন। আহত হন দুই সেনা কর্মকর্তা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


















