চাষীর কাছ থেকে ঘুষ গ্রহণ, সমবায় কর্মকর্তার কারাদণ্ড

fec-image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কার্যালয়ে ঘুষ নেওয়ার মামলায় সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় সাত বছর পর রবিবার (১৭ মে) এ রায় ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন।

আদালতের রায়ে দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে নৃপেন্দ্রনাথ দাসকে। অনাদায়ে ভোগ করতে হবে আরও দুই মাসের কারাদণ্ড। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাকে দেওয়া হয়েছে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও আট হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে দেওয়া হয়েছে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ। দুটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় মোট পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মামলার বিবরণ বলছে, ২০১৯ সালের ১৪ মে সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন। অভিযোগ রয়েছে, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস। পরে প্রথম ধাপে সাত হাজার টাকা দিতে বাধ্য হন আবেদনকারী।

পরবর্তীতে বিষয়টি দুদককে জানানো হলে একটি ফাঁদ পাতে সংস্থাটি। নির্ধারিত দিনে সমবায় কার্যালয়ে বাকি আট হাজার টাকা গ্রহণের সময় অভিযান চালায় দুদকের উপপরিচালক মোরশেদ আলম ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আট সদস্যের একটি দল। এ সময় হাতে-নাতে আটক করা হয় নৃপেন্দ্রনাথ দাসকে।

পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে দায়ের করা হয় মামলা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ঘোষণা করেন এ রায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, ঘুষ গ্রহণ, চাষী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন