ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির মুক্তির দাবিতে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার সকালে রাঙ্গামাটিতে নগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা হয়ে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রনেতা সাব্বির, কলেজ ছাত্রদলের সম্পাদক অলি আহাদ, ছাত্রনেতা হাবিব, জাবেদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে রাঙ্গামাটি নগর ছাত্রদলের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাতানো ও নীল নক্সার নির্বাচন বাস্তবায়ন করার উদ্দেশ্যে সারাদেশে যেভাবে বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীদের উপর গ্রেফতার, জুলুম, নির্যাতন চালাচ্ছে তারই ধারাবাহিকতায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেফতার করে। অন্যায়ভাবে গ্রেফতার, জুলুম ও নির্যাতন করে ছাত্রদলকে ধমিয়ে রাখা যাবে না।
তিনি আরো বলেন, অবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতিকে মুক্তি দেয়া না হলে রাঙ্গামাটিকে অচল করে দেয়া হবে। এসময় সমাবেশে সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ অলি আহাদ। সমাবেশে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম রাজু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক কামাল হোসেন, শহর ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, শহর ছাত্রদল নেতা খোরশেদ ইসলাম রাজু, জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, শহর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছগির, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এমদাদ হোসেন হিরু, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ প্রমুখ।



















