জেলা পরিষদের উদাসীনতায় কাপ্তাইয়ে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার হচ্ছে না


রাঙামাটির কাপ্তাই বিএফআইডিসি প্রাইমারী স্কুল থেকে শিল্প এলাকা বটগাছ পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। দীর্ঘ ১৫ বছরেও এটি সংস্কার হয়নি। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কারে রাঙামাটি জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ না করায় ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সড়কটির পাশে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন শাখা, টিকে টিম্বার কারখানা, স্কুল,মাদরাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস। এলাকাবাসী জানায়, ১৫ বছর পূর্বে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটি করা হয়। এরপর সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ উদ্যোগী হয়নি।
সরেজমিনে দেখা যায়, আধা কিঃমিঃ জায়গা জুড়ে সড়কটির মধ্যে বৃহৎ আকারের গর্ত হওয়ায় স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থী এবং পথচারীদের দুর্ভোগ, দুর্ঘটনার শিকার হতে হচ্ছে ।
প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সাদ্দাম এ প্রতিবেদকের কাছে বলেন, গর্তে পড়ে বইখাতা নষ্ট হয়ে যায়, স্কুল ড্রেসে কাদামাটি লেগে যায়। আমাদের খুব কষ্ট করে এ সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়।
এছাড়া কলেজ, মাদরাসা ও সড়কে চলাচলকারী পরিবহণ চালকরা সড়কটি সংস্কার করার বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। মাদরাসা শিক্ষক হাফেজ আজিজ ছিদ্দিক সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান।
কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, ১৫ থেকে ১৬ বছর আগে এটি রাঙামাটি জেলা পরিষদ অর্থায়নে নির্মাণ করা হয়। এর পর আর সংস্কার না করায় সড়কটির এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সড়ক নয়। সড়কটি সংস্কারে উদ্যোগ নিতে হবে জেলা পরিষদকে। আমরা সড়কটি সংস্কার করার জন্য রাঙামাটি জেলা পরিষদকে অবহিত করেছি।

















