টেকনাফে ১২৭ দুঃস্থর মাঝে বিজিবির চিকিৎসা সেবা


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ২০ জুলাই সাবরাং বিওপি’র নয়াপাড়া এলাকায় বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নুসরাত জাহান প্রীতি, এএমসি এবং নবাগত মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন
শুভ উপস্থিত ছিলেন।
এ সময় ৪৭ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩০ জন শিশুসহ সর্বমোট ১২৭ জন গরীব, অসহায় ও দুঃস্থ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং বিজিবির প্রতি তাদের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব সম্পর্কে অবহিত হন। তিনি সকলকে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানান।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। সীমান্তে বিজিবির এমন উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

















