থানছিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান
থানছি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাত পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে ইউপি চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা। গত ২রা অক্টোবর হামাজন পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটলে এ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়।
হামাজন কার্বারীর বাড়ীতে ১২০ ওয়ার্ড সোলার ব্যাটারি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে পাড়া প্রধান হামাজন কার্বারী জানিয়েছেন। তিনি ছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্তরা হলেন শান্ত ত্রিপুরা, বিলাস ত্রিপুরা, খোকন ত্রিপুরা, নরান ত্রিপুরা, রাসেরাম ত্রিপুরা, কাপেহা ত্রিপুরা ও লুসিয়াম ত্রিপুরা।
ঘটনার দিন পাড়াবাসী সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত জুমে নতুন ধান কাটা কাজের ব্যস্ত ছিল। এসময় স্কুলে পড়ুয়া ছেলে-মেয়েরা পাড়ায় অবস্থান করছিল। হঠাৎ দুপুর বেলা ঘরের চালের উপরে আগুন দেখে চিৎকার করলে বড়রা ছুটে আসার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ সহায়তা প্রদানের সময় ওয়ার্ড মেম্বার মংএ মারমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল। তবে উপজেলা পরিষদ বা প্রশাসনে পক্ষ থেকে এ পর্যন্ত কোন সহায়তা প্রদান করা হয় নি।


















