নির্মলেন্দু চৌধুরীর উপর হামলার ঘটনায় মেয়র রফিকসহ ৩৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক :
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নির্মলেন্দু চৌধুরীর উপর হামলার ঘটনায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ ৩৮ জনকে আসামী করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করে পার্বত্যনিউজকে বলেন, মামলায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম ও দিদারুল আলম ওরফে কসাই দিদারকেও আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে নারিকেল বাগান এলাকায় খাগগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটে। নির্মলেন্দু চৌধুরীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা পার্বত্যনিউজকে জানান, নির্মলেন্দু চৌধুরী নাক দিয়ে রক্ত যাচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। তিনি কথা বলতে পারছিলেন না। অবস্থা নাজুক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে শহরে লাঠি মিছিল বের করে জেলা আওয়ামীলীগ। মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে আওয়ামীলীগের অপর অংশের কার্যালয়ে হামলা চালায়। এ সময় কয়েকটি দোকানে হামলা ও কয়েকটি টমটম ভাংচুর হয়। এ সময় আতংকে শহরের অধিকাংশ দোকানপাট ও যানবাহন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
উদ্ভূত পরিস্থিস্থিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন বিশেষ আইনশৃঙ্খলা বৈঠক আহবান করলেও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও তার অনুসারীরা সে বৈঠক বর্জন করেন।
উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। এর পর থেকে প্রতিনিয়ত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীদের মধ্যে পাল্টা-পাল্টি হামলা, মামলা ও ভাংচুর অব্যাহত আছে।
















