পেকুয়ায় গ্যাস লাইন স্থাপনে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করবে পেট্রোবাংলা

নিজস্ব প্রতিনিধি: পেকুয়ায় গ্যাস সঞ্চালন লাইন স্থাপন কাজ চলমান রয়েছে। গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে ক্ষতিগ্রস্থ জমির মালিক, চিংড়ি চাষী ও লবণ চাষীদের পুনর্বাসনসহ অধিগ্রহণকৃত ভূমির মালিকদের শীগ্রই ক্ষতি পূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পেট্রোবাংলা গ্যাস সঞ্চালন লাইন স্থাপন কাজ বাস্তবায়ন করছেন বলে জানা গেছে।

কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত প্রায় ৯২কি. মি. সঞ্চালন লাইন স্থাপনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি পেট্রোবাংলা বরাবর প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, ওই চিঠিটি কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়েও পাঠানো হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরের ওই চিঠিটি পেকুয়ায় ইউএনও বরাবর প্রেরণ করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে ক্ষতিগ্রস্থদের অবশ্যই পুনর্বাসন নিশ্চিত করার জন্য।

এদিকে গতকাল মঙ্গলবার উজানটিয়া ইউনিয়নের জনগনের সাথে এ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টার দিকে পুর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্ধারিত ওই মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পেকুয়ার ইউএনও মো. মারুফুর রশিদ খান। তিনি ওইদিন পেট্রোবাংলার চলমান কাজ উজানটিয়ায় পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত জনতাকে ইউএনও বলেন, গ্যাস সঞ্চালন লাইন বাস্তবায়ন কালে আপনারা যারা ক্ষতিগ্রস্থ হবেন তাদেরকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়ন সংস্থাকে নির্দেশনা দিয়েছেন। কোন মানুষ এক্ষেত্রে বঞ্চিত হওয়ার অবকাশ নেই। সরকার উন্নয়ন কর্মকান্ড করছেন। কিন্তু উন্নয়নের কারনে কিছু মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে। বৃহৎ কাজ বাস্তবায়ন করতে হলে সেখানে ক্ষুদ্র মানুষ ক্ষতিগ্রস্থও হওয়ার সম্ভবনা থাকে। এরপরেও বৃহৎ জনগোষ্ঠী ও দেশের স্বার্থে কাজ চলমান রাখতে হয়। এ বিষয়টি প্রধানমন্ত্রী অত্যান্ত গুরুত্বের সাথে অনুধাবন করেছেন। যার প্রেক্ষিতে উজানটিয়াসহ কাজ চলমান এলাকায় মানুষকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় পুর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শত শত লোকজন জড়ো হন। উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, জিটিসিএল প্রকল্প প্রকৌশলী মাহমুদুল আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা অনির্ধারিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন