বান্দরবানে লামায় এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা


বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে এক রাতে চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) ভোররাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাঙাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩টার দিকে ৭–৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে রাঙাঝিরি গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তারের বাড়ি, একই গ্রামের নুর আলমের বাড়ি, এবং ফাইতং উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে সুনিয়া আক্তার ও আহমদ কবির মিয়ার খামারবাড়িতে একযোগে হানা দেয়।
ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে চারটি বাড়ি থেকে ৭–৮টি মোবাইল ফোন, নগদ টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাব-ইন্সপেক্টর মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
















