‘বাসা থেকে ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা’

বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশকনিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
ডিএসসিসির ২৪নং ওয়ার্ডে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে বিকেল ৩টা থেকে অভিযান শুরু হয়। এতে প্রায় ২০০ জন কর্মী খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারসহ মশার ওষুধ প্রয়োগ করেন। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল যদি ১০০ টাকার বেশি হয়, সিটি করপোরেশনে জানান। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।
তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কবরস্থান ও শ্মশানে লাশ দাফন ও দাহ্য নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করার ঘোষণা দেন।
প্রশাসক আরও বলেন, ঢাকা শহর দেশের মুখ, তাই এটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হবে। তিনি পুরান ঢাকাকে সবচেয়ে উন্নত করার লক্ষ্য ঘোষণা করে বলেন, রাস্তার লাইট ঠিকমতো জ্বলে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হয় এবং মশা নিয়ন্ত্রণে থাকে—এটাই আমাদের উদ্দেশ্য।
এ ছাড়া দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়েও সরকারিভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















