মহেশখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

fec-image

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে অবৈধ দখল ও যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনী যৌথভাবে সহযোগিতা করেন।

অভিযান চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন। বাজারের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা মোতাবেক মোট ৯ জনকে আটক করে তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্ল্যাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‌জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে অবৈধভাবে ফুটপাত দখল করা দণ্ডনীয় অপরাধ। বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থের জন্য সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতে কেউ এই নির্দেশ অমান্য করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, বাজারকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার জন্য সকল প্রকার অবৈধ স্থাপনা, দোকানপাট ও ফুটপাত দখল মুক্ত রাখতে হবে। অন্যথায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, ফুটপাত দখল করে অবাধে দোকান বসানো ও অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে নতুন বাজার এলাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জনস্বার্থে বাজার ও ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন