রাঙামাটিতে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন
রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটির সীমান্ত অঞ্চল থেগামুখ বিওপিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বিএসএফ আইজলের ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল উদয় পাঠানিয়ার নের্তৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ছোট হরিণার থেগামুখ ২৫ ব্যাটালিয়ানের বিওপিতে এসে পৌঁছায়। এসময় ভারতীয় প্রতিনিধি দলে ৯৯, ১৬২ এবং ১৮১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিজিবি রাঙামাটির পক্ষে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান, পিএসসি ও বিজিবি খাগড়াছড়ির পক্ষে সেক্টর কমান্ডার কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন নেতৃত্ব দেন। সম্মেলনে ১, ১৯, ২২, ২৫, ৩৯ ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কগণ বাংলাদেশ প্রতিনিধি দল হিসেবে অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান জানান, সম্মেলনে সীমান্ত এলাকায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদকদ্রব্য চোরাচালান বন্ধ, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে যে কোন ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামত কাজ বাঁধাহীনভাবে সম্পন্ন করাসহ দুস্কৃতিকারী সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধের উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।
পরে জেআরডি (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।


















