রাজস্থলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার মিতিঙ্গাছড়ি পাড়াতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়।
কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তার দক্ষ সহকর্মীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পেইনে মোট ৯৫ জন রোগী বিনামূল্যে বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসাভোগীদের মধ্যে ছিলেন ত্রিপুরা, তঞ্চাঙ্গ্যাসহ অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী।
উক্ত অনুষ্ঠানে মিতিঙ্গাছড়ি পাড়া ছাড়াও বলিপাড়া, আগার পাড়া, কাপ্তাই পাড়া, উলাছড়ি, প্রীতিছড়া পাড়া, নতুন পাড়া ইত্যাদি বিভিন্ন দূর্গম এলাকা হতে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে স্বত:স্ফূর্তভাবে আগমন করেন।
স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

উল্লেখ্য, রাজস্থলী উপজেলার অন্তর্গত প্রত্যন্ত এই এলাকায় কোন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, এমনকি ওষুধের ফার্মেসি সুবিধা পর্যন্ত বিদ্যমান নেই। নূন্যতম মৌলিক চিকিৎসার সেবার জন্যেও এলাকাবাসীকে সুদূর রাজস্থলী উপজেলা সদরে যেতে হয়। বিশেষ এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত মিতিঙ্গাছড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস। এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

















