রামুতে নিখোঁজের ৮ দিন পরও শিশুটির সন্ধান মিলেনি


রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বড়বিল টেইক্কা হাজীর পাড়া গ্রামের মাদ্রাসায় পড়ুয়া শিশুটির ৮ দিন পার হলেও এখনো সন্ধান মিলেনি। পরিবারের চলছে আহাজারি। মা-বাবার কান্নায় বাতাস ভারী হয়ে উঠছে।
নিখোঁজ হওয়া শিশুটির নাম ইয়াছির আরমান (১২) পিতা মোঃ কোরবান আলী, মাতা ছালেহা আক্তার। পাঁচ ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। বাইশারী আবদুর রহমান ইবনে আউফ রহমানিয়া মাদ্রাসার নুরানী চতুর্থ শ্রেণির ছাত্র।
নিখোঁজ শিশুর পিতা মোঃ কোরবান আলী জানান, গত ৩ আগষ্ট রবিবার সন্ধ্যা সাতটার দিকে পার্শ্ববর্তী বাইশারী বাজার থেকে নিজ বাড়ীতে আসার পথে নিখোঁজ হয় আমার ছেলে ইয়াছির আরমান। ঐদিন বাইশারী বাজার থেকে যথা সময়ে বাড়ীতে না আসায় ছেলের সন্ধান নিতে বিভিন্ন জায়গায় খোঁজ নেন এবং ফোন করে আত্মীয়স্বজনের বাড়ীতে ও খোজঁ নেন।
কোথাও সন্ধান না পেয়ে পরদিন সকালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রকাশ করেন। এছাড়া নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয় বলে তিনি জানান।
বর্তমানে ৮ দিন পার হলেও ছেলেটির খোঁজ এখনো পাওয়া যায়নি। পিতার ধারণা, ছেলেটিকে হয়ত কোথাও আটক করে ঘরের ভিতর রাখা হয়েছে। না হয় অন্য কিছু বলে বিলাপ করে পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে।
তার পিতা আরো বলেন, এ পর্যন্ত অনেকের মাধ্যমে খবরটি প্রকাশ হলেও তার কাছে কোন ধরনের মোবাইল ফোন আসেনি। মুক্তিপণও দাবী করা হয়নি।

















