লংগদুতে বন্যহাতির আক্রমণে যুবক নিহত


রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী যুবলক্ষীপাড়ায় বন্যহাতির আক্রমণে শরিফ হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেলার পথে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মীপাড়া জামে মসজিদের পাশে মোঃ শরিফ হোসেন (২৫), পিতাঃ- মোঃ একদিন আলী মিয়া নামে এক ব্যক্তি ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেয়ার পথে বন্য হাতির পাল তাকে আক্রমন করে।
জানা গেছে, বন্য হাতির পাল তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি পা দিয়ে বুকে ও কোমড়ে আঘাত করে। এ সময় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যায়। গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীরা জানায়, প্রতিবছর বন্যহাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে। লংগদুর গুলশাখালী, বগাচত্তর, ভাসাইন্যদমসহ বিভিন্ন এলাকায় আশেপাশে ঘোরাফেরা করে বন্যহাতির পাল। সন্ধ্যা নামতেই পাহাড় থেকে নেমে এসে এলাকার কোনো না কোনো গ্রামে হানা দিয়ে ক্ষতি করছে এইসব বন্যহাতির পাল।

















