সহায়তা পেলো রাঙামাটির অটোরিক্সা চালকরা


রাঙামাটি জেলা প্রশাসন থেকে পাওয়া আড়াই মেট্রিক টন খাস্যশস্য ও নগদ ২৫ হাজার টাকা আর নিজেদের সমিতিতে জমানো অর্থ থেকেই ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে অটোরিক্সা চালকদের।
রোববার (১৯ এপ্রিল) সকালে সমিতির পক্ষ থেকে ১৪০০ সদস্যের হাতে এইসব চাল তুলে দেওয়া হয়। বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের এমপি দীপংকর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি সভাপতি পরেশ মজুমদার, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংগঠনটির নেতারা।
এমপি দীপংকর তালুকদার বলেন, এখন করোনার ক্রান্তিকাল চলছে। আমাদের সতর্ক থাকা ছাড়া কোন উপায় নেই। শুধু আমরা বাঁচলে হবে না, আমাদের পরিবার, সমাজের মানুষকে বাঁচাতে হবে। এজন্য অযথা ঘর থেকে বের হয়ে ঝুঁকি না বাড়ানোর পরামর্শ প্রদান দেন তিনি।
এদিকে গত ২৫ এপ্রিল প্রথমবার প্রত্যেক চালককে ২৫কেজি চাল ও ৫ লিটার তেল সহায়তা প্রদান করা হয়েছিলো সংগঠনটির পক্ষ থেকে।

















