বরিশালে বিক্ষোভ

২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন নার্সদের

fec-image

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একীভূতকরণ প্রচেষ্টা বন্ধসহ ৮ দফা দাবি মানা না হলে ৩০ নভেম্বর দুই ঘণ্টা প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির কেন্দ্রীয় নেতারা।

নার্সদের ৮ দফা দাবি হলো-  ১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার উদ্যোগ বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন। ২. অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প্যাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন। ৩. নবম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপারনিউমেরারি পদোন্নতি। ৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ। ৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সকল গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু। ৬. বেসরকারি স্বাস্থ্য ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া, অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ৭. ঝুঁকিভাতা প্রদান এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল। ৮. শয্যা-রোগী-চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পর্যাপ্ত পদ সৃষ্টি ও নিয়োগ।

এদিকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তি করণের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে ২৭ নভেম্বর সকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশাল জেলা শাখার উদ্যোগে প্রতিটি হাসপাতাল কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়েও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। গতকাল তারা প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রধানের অফিসের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান ধর্মঘট করেছেন। আজ হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। মিছিলে তারা ‘ডিজিএনএম নিয়ে তালবাহানা, নার্স সমাজ মানবে না, ডিজিএনএম নিয়ে তালবাহানা, মিডওয়াইফরা মানবে না, নার্স সমাজের বৈষম্য, দূর করো, করতে হবে, স্বাস্থ্য খাতের মাফিয়ারা, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশালে জেলা শাখার সভাপতি আলী আজগর বিক্ষোভ মিছিল কর্মসূচি সম্পর্কে এ প্রতিবেদককে ফোনে বলেন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আট দফা দাবি আদায়ে যে কর্মসূচি ঘোষণা করেছেন আমরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশালের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই কর্মসূচি পালন করছি। আজ প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্বাস্থ্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন