বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার পথ প্রদর্শক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।

১২ মে মন্ত্রী রাঙামাটি শহরের জর্জ মোটেল অডিটোরিয়ামে এশিয়া পোস্ট পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, শহীদ জিয়া সংবাদপত্রের ওপর থেকে সকল বিধি-নিষেধ তুলে নিয়ে বহুমাত্রিক গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর।

মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এশিয়া পোস্ট পত্রিকার রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন