ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তিতে দশ গ্রামের মানুষের


খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের কানুনগোপাড়া সংলগ্ন চেংগী নদী দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের দুর্ভোগের অন্যতম কারণ ছিল। নদীর ওপারে ১ নম্বর লোগাং ইউনিয়নের আট থেকে দশটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা ছিল ঝুঁকিপূর্ণভাবে নদী পার হওয়া। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো।
স্থানীয়দের এই দুর্ভোগের খবর জানতে পেরে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি নৌকা উপহার দেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পানছড়ি উপজেলার নীলাধন কার্বারীপাড়া এলাকার চেংগী নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে এলাকাবাসীর হাতে নৌকাটি তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের জেলা সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং উপজেলা বিএনপির সহসভাপতি রিপন ত্রিপুরা উপস্থিত থেকে নৌকাটি হস্তান্তর করেন।
নৌকা পেয়ে এলাকাবাসী সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, বর্ষা মৌসুমে শিক্ষার্থীসহ শত শত মানুষের নিরাপদ পারাপারের দীর্ঘদিনের সংকট এই নৌকার মাধ্যমে দূর হবে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ তাদের দৈনন্দিন চলাচলকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করবে।
এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সামাদ, ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেন, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি পরম বিকাশ ত্রিপুরা এবং সহসভাপতি বরেন্দ্র লাল ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















