মাটিরাঙ্গা টাউন হল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন ওয়াদুদ ভুইয়া

fec-image

বিএনপির সহ–কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেছেন, ২০০১–০৬ সালে খাগড়াছড়ির বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন করেছি, কিন্তু আওয়ামী লীগ আমার উন্নয়নের সিকিভাগও করতে পারেনি। মাটিরাঙ্গা টাউন হলের নির্মাণ আমি শুরু করেছিলাম, কিন্তু পূর্ববর্তী সরকার সেটি ধ্বংস করেছে। নির্বাচিত হলে টাউন হলের নির্মাণকাজ সম্পন্ন করব।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সময় ওয়াদুদ ভুইয়া বলেন, খাগড়াছড়িতে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ। আপনাদের  ভুল সিদ্ধান্তের কারণে মাটিরাঙ্গায় ২০০/৪০০ করে ধানের শীষের ভোট ভালোবাসার টানে অন্যত্র চলে গেলে ইউপিডিএফের কাছে হারের ঝুঁকি তৈরি হবে। আর তাতে পরে পস্তাতে হতে পারে। তাই ভোট ভাগাভাগি করে ইউপিডিএফকে জেতানোর পথ সুগম না করতে এবং পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী শাসনামলে অত্যাচার–নির্যাতন ও জেল–জুলুমের বিচার হয়েছে মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন, “আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফ্যাসিস্ট হাসিনার বিবাহবার্ষিকীর দিনই ট্রাইব্যুনাল হাসিনা ও তার দোসরদের ফাঁসির আদেশের মধ্য দিয়ে ১৭ বছরের অত্যাচার–নির্যাতন ও জেল–জুলুমের বিচার হয়েছে।”

রাজনীতি প্রতিশোধের জন্য নয় উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, “আমরা প্রতিশোধপরায়ণ নই। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই। ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছে। কিন্তু আমরা প্রতিশোধ নিতে চাই না। তারেক রহমানের নির্দেশ—সুস্থ, সুন্দর, উন্নত ধারার দেশের মতো করে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।”

মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ–সভাপতি ইউছুপ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামছুল হক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন খন্দকার মুকুট, ব্যবসায়ী নেতা দেবাশীষ দত্ত আশিষ এবং মো. ইসমাইল হোসেন সবুজ প্রমুখ।

এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভুঁইয়া, নির্বাচনী প্রচারণা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন