ঈদের তৃতীয় দিনেও রাঙামাটির কাপ্তাইয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

fec-image

ঈদের তৃতীয় দিনেও রাঙামাটির কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করছেন, আবার শিশুরা শিশু পার্কে আনন্দের সঙ্গে ঈদের খুশি উপভোগ করছে।

কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, সেখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। কর্ণফুলী নদীর কোলঘেঁষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের সুবিশাল জায়গাজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। শিশুদের জন্যও রয়েছে একটি শিশু পার্ক।

কাপ্তাইয়ের শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে গিয়ে দেখা যায়, সেখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। কুমিল্লা জেলার নুরুল আলম ও মিজানুর রহমান জানান, “আমরা বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো কাপ্তাইয়ে বেড়াতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর। কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছি। কর্ণফুলী নদীর ওপর একটি ক্যাবল কার স্থাপন করা হলে আরও ভালো লাগত।”

এ সময় শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার জাকির হোসেন বলেন, “এই ঈদে টানা ছুটির কারণে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের সব কটেজ বুকিং রয়েছে।”

অন্যদিকে, কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের পরিচালক মো. সোহেল বলেন, “এবার ঈদে আমাদের রেস্তোরাঁয় পর্যাপ্ত পরিমাণ পর্যটক এসেছে।”

এদিকে কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস এবং সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, কাপ্তাই লেকের মাঝখানে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, দর্শনার্থী, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন