রাঙ্গামাটিতে পশুহাটে দুই গরু বিক্রেতা মলম পার্টির খপ্পরে


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই গরু বিক্রেতা ছলিমুল্লাহ ও বিকাশ চাকমা মলম পার্টির খপ্পরে পড়ে ২ লাখ ৪১ হাজার টাকা খুইয়েছেন। বুধবার (১৩ মে) সকালে উপজেলার মারিশ্যা বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা গরু বিক্রেতা ছলিমুল্লাহ কাছ থেকে কৌশলে ৬১ লাখ ও অন্য আরেক গরু বিক্রেতা বিকাশ চাকমার কাছ থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে প্রতারক চক্রের বিরুদ্ধে।
স্থানীয়দের ধারণা, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে একটি চক্র হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে বিক্রেতাদের টার্গেট করছে।
বাঘাইছড়ি উপজেলার স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, দুই ব্যবসায়ীর কাছ থেকে সবমিলিয়ে দুই লাখ ৪১ হাজার নিয়ে গেছে প্রতারক চক্র। একজনের সন্ধান পেলেও আরেক ব্যবসায়ী বর্তমানে কোথায় আছে আমরা কেউ জানি না।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার জানান, এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই আমরা মোবাইল টিম পাঠিয়েছি এবং হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাজার কমিটির সঙ্গেও কথা হয়েছে। আগামীতে পুলিশের পাশাপাশি বাজার কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। প্রথম বাজার হওয়ায় এবার পর্যাপ্ত ভলান্টিয়ার দেখা যায়নি, তবে পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয় বাড়ানো হবে।’
সূত্র : স্টার নিউজ অনলাইন ( ১৩ মে ২০২৬)

















