রাঙ্গামাটিতে শিশু সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন সৎ মা


রাঙামাটি জেলা শহরে কাওসার ফেরদৌস (৩০) নামের এক সৎ মা শিশু সন্তান ফারজান আহম্মেদকে (০৫) ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের কোর্ট বিল্ডিং এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহম্মেদ তালুকদার তার দ্বিতীয় স্ত্রী নিয়ে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় বসবাস করতেন। প্রথম স্ত্রীকে তবলছড়ি এলাকায় ভাড়া বাসায় রাখতেন।
রোববার দুপুরে হঠাৎ করে তার প্রথম স্ত্রী কাওসার ফেরদৌস বোরকা পরিহিত অবস্থায় বিপুল এর কোর্ট বিল্ডিংস্থ ভাড়া বাড়িতে এসে তার সতীনের শিশু পুত্র ফারজান আহম্মেদ তালুকদারকে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়।
এসময় পাশের বাড়ির স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বর্তমানে শিশুটি রাঙামাটি সদর হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. শহীদুল্লাহ জানান, শিশুটিকে সার্জারি করিয়ে শিশু ওয়ার্ডে নেওয়া হয়েছে। গলার বেশ কিছু অংশ কেটে গেছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে শিশুটিকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে প্রেরণ করা হবে। এখন গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে তবে শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে আটক করা হয়েছে। এখনো মামলা দায়ের করা হয়নি।

















