সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার খবর ভিত্তিহীন : শিক্ষা মন্ত্রণালয়


দেশের প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার খবর অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার ( ১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
আলোচ্য অনুষ্ঠানে মন্ত্রী বলেছিলেন,‘‘মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’’
এ সময় তিনি আরো বলেন, ‘‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’’
বিজ্ঞপ্তিতে আরও বলা, এই ধরণের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
















