ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩


কক্সবাজারের ঈদগাঁওতে এক তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) উপজেলার জালালাবাদ ইউনিয়নের একাধিক স্থান ও কক্সবাজার সদরের শহরতলীর মেরিন ড্রাইভ সড়কের এক ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের লুণ্ঠিত প্রায় ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ঈদগাঁও থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের বদিউর রহমানের ছেলে আতিক উল্লাহ (২১), ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়ার ছব্বির আহমদের ছেলে ছৈয়দুল করিম (২২), একই ইউনিয়নের খোনখার খিলের আইয়ুবুর রহমানের ছেলে মোহাম্মদ মোতাহের হোসেন (২১)।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, ঘটনা পরবর্তী ভিকটিমের মায়ের করা জিডির ভিত্তিতে তদন্তপূর্বক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার ভিকটিম ও জড়িতদের একাধিক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার ও জড়িতদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে লুন্ঠিত স্বর্ন উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী ভিকটিমের মাতা রোকিয়া বেগমের দায়ের করা এজাহারের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান ,গ্রেফতারকৃত আসামীদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত মামলার এজাহার মতে গত ৩ মার্চ সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব মোহনভিলা এলাকার জিয়াউর রহমানের কন্যা সোহাইমা জন্নাত(১৬)কে নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করে।
পরে তাকে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন একটি ভাড়া বাসায় আটকে রেখে ৩ মার্চ রাত থেকে ৬ মার্চ সকাল পর্যন্ত একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

















