কুতুবদিয়ায় টানা বর্ষণে ধসে গেল সেতু

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় টানা দুই দিনের বৃষ্টিতে লেমশীখালী শাহজির পাড়া পুরোনো সেতু ধসে গেছে।

সোমবার (৬ জুলাই) সকালে এটি ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান। বন্ধ হয়ে যায় চলাচল।

গত দুই দশক আগে নির্মিত লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিতে ছিল। যানবাহন চলাচল না করায় প্রতিদিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে থাকে। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের।

সেতুর পাশের শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, স্থানীয় শাহজির পাড়ার নাছির উদ্দীন, ব্যবসায়ী রমজান আলী প্রমুখ জানান, এমনিতেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করে আসছিল। টানা দুই দিন ধরে বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির এক পাশ ভেঙে পড়ে। এতে এখন পারাপার করাও দুষ্কর।

লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, শাহজির পাড়ার ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের জন্য বারবার আবেদন করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।

উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন জানান, শাহজির পাড়ার পুরোনো সেতুর পাশে আরেকটি সেতু নির্মাণের জন্য আগেই প্রস্তাবনা দেওয়া হয়েছে। সোমবার সকালে সেতুর এক পাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কতুবদিয়া, সেতু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন