চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ


চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বন্দরসংলগ্ন এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি সর্বোচ্চ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ কিন্তু বন্দর এলাকায় বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজটের সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে-যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম বন্দরের আশপাশের বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকাতে আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজন নিষিদ্ধ থাকবে।
সিএমপি সূত্র জানায়, বন্দর এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

















