জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি


টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করা্য সংকটে পড়েছে আইসিসি। সে সংকট মোকাবেলায় পাকিস্তান ক্রিকেটবোর্ড পিসিবির সঙ্গে আজ বৈঠকে বসছে আইসিসি। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (৮ ফেসব্রুয়ারি) আইসিসি, পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৈঠকে বসছে।
বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার (৭ ফেসব্রুয়ারি )রাত ১টায় ঢাকা ছেড়েছেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, লাহোরে গিয়ে জরুরি এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে আজ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপে রাখা হয়নি। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।
এই সিদ্ধান্তের পর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আর্থিক স্বার্থ বড় অঙ্কের। ধারণা করা হচ্ছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, আইসিসির ক্ষতি হতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি। এ কারণেই দ্রুত সমাধানে মরিয়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

















