টেকনাফের পাহাড়ে অপহৃত ৬ কৃষক এখনো উদ্ধার হয়নি


টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার আশ্রয় কেন্দ্রের পশ্চিম পাশে পাহাড়ে কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীরা ৬ জন স্থানীয় কৃষককে অপহরণ করেছে। অপহৃত কৃষকদের এখনো উদ্ধার করতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম পার্বত্যনিউজকে জানিয়েছেন, অপহৃত কৃষকদের উদ্ধারে অভিযান চলছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার আশ্রয় কেন্দ্রের পশ্চিম পাশে পাহাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় তাঁদের অপহরণ করা হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিমংখালীর মিনাবাজার এলাকার বাসিন্দা সোলতান ফকিরের পুত্র মো. জমির (৬২), এজাহার হোছনের পুত্র মো. আলম (১৮), শামশুল আলমের পুত্র জাহেদ হোছন ওরফে মুন্না (৩০) এবং রবিউল আলমের পুত্র মো. শফিউল আলম (১৩)। এছাড়া একই ইউনিয়নের কম্বোনিয়া পাড়ার আশ্রয় কেন্দ্রের বাসিন্দা মোজাহার মিয়া (৫০) ও তার পুত্র মোস্তাক (১২) অপহরণের শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ৬ জন কৃষক হোয়াইক্যং মিনা বাজার এলাকার আশ্রয় কেন্দ্রের পশ্চিম পাশে পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, অপহৃতদের পরিবার ও স্থানীয় চকিদার বিষয়টি আমাকে অবগত করেছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে ২৮ জানুয়ারি টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম পার্বত্যনিউজের কক্সবাজার প্রতিনিধিকে জানান, হোয়াইক্যং ইউনিয়নের পাহাড় সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে গিয়ে ৬ জন কৃষক অপহরণের শিকার হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
এদিকে, ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃতদের উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

















